কেএমপির গোয়েন্দা পরিদর্শক তৈমুর ইসলাম রংপুর রেঞ্জে সংযুক্ত

 প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন   |   খুলনা

কেএমপির গোয়েন্দা পরিদর্শক তৈমুর ইসলাম রংপুর রেঞ্জে সংযুক্ত

খুলনা ব্যুরো : 

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক তৈমুর ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। সোমবার (৮ জুন) রাতে পুলিশ সদর দপ্তর এ-সংক্রান্ত আদেশ জারি করে। সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ক্ষমতার অপব্যবহার, নারী কেলেঙ্কারী, অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনের স্বাক্ষরিত আদেশে পরিদর্শক তৈমুর ইসলামকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। এর আগে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

অনুসন্ধানী প্রতিবেদনে ভুক্তভোগীদের বরাত দিয়ে বলা হয়, প্রতিষ্ঠান দখল সংক্রান্ত বিরোধে প্রভাব খাটিয়ে ব্যক্তিকে তুলে এনে গ্রেপ্তার দেখানো, মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায় এবং কোনো কোনো ক্ষেত্রে অপরাধী চক্রের সঙ্গে যোগাযোগ রক্ষার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগের কিছু বিষয় পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ নজরদারি সংস্থা পুলিশ ইন্টারনাল ওভারসাইট (পিআইও)-এর প্রতিবেদনেও উঠে আসে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে

পিআইওর প্রতিবেদনের ভিত্তিতে গত বছর কেএমপির পক্ষ থেকে অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধান শেষে তাঁকে অন্য কোনো ইউনিটে বদলির সুপারিশ করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ১৬ অক্টোবর তাঁকে ট্যুরিস্ট পুলিশে বদলির প্রজ্ঞাপন জারি করা হয়। ওই আদেশে ২৫ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের জন্য ছাড়পত্র গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল। অন্যথায় ২৬ অক্টোবর থেকে তাঁকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করার কথাও উল্লেখ ছিল।

তবে বদলির আদেশ বাতিলের আবেদন করেন তৈমুর ইসলাম। ১৮ নভেম্বর সেই আবেদন নামঞ্জুর করা হলেও চার দিন পর ২৩ নভেম্বর ট্যুরিস্ট পুলিশে তাঁর পদায়নের আদেশ বাতিল করে খুলনা রেঞ্জে বদলির নতুন আদেশ জারি করা হয়। পরে চলতি বছরের ১৫ মার্চ খুলনা রেঞ্জে বদলির সেই আদেশও বাতিল করা হয়। পুলিশ সদর দপ্তর থেকে একাধিকবার বদলির আদেশ জারি হলেও শেষ পর্যন্ত তিনি কেএমপিতেই বহাল ছিলেন।

পরিদর্শক তৈমুর ইসলাম এর আগে সাবেক আইজিপি বেনজীর আহমেদের গোপালগঞ্জের সাভানা ইকোরিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক নির্মাণে ভূমিকা রাখার অভিযোগেও আলোচনায় আসেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রিসোর্ট নির্মাণের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন। ২০২৪ সালের মে মাসে জমি বিক্রি করা একাধিক পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তাঁদের বিভিন্নভাবে চাপ ও ভয়ভীতি প্রদর্শন করে জমি বিক্রিতে বাধ্য করা হয়েছিল। তাঁদের অনেকেই পরিদর্শক তৈমুর ইসলামের নাম উল্লেখ করে অভিযোগ করেন।

তবে এসব অভিযোগের বিষয়ে পরিদর্শক তৈমুর ইসলামের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে বিভাগীয় বা বিচারিক তদন্তে চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়েছে, সে সম্পর্কেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সর্বশেষ পুলিশ সদর দপ্তরের আদেশে তাঁকে রংপুর রেঞ্জে সংযুক্ত করায় দীর্ঘদিনের বিতর্কিত এই কর্মকর্তাকে অবশেষে কেএমপি থেকে সরানো হলো।

Advertisement
Advertisement
Advertisement