এনামুল হত্যা: ৭২ ঘণ্টার মধ্যে মুল আসামিসহ গ্রেপ্তার ২
খুলনা ব্যুরো :
যশোরের মনিরামপুরে আলোচিত এনামুল ইসলাম (৫৫) হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। হত্যাকাণ্ডের মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত ১২টা ১০ মিনিটের দিকে যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান অভিযুক্ত রাব্বি (২২) ও তার সহযোগী রাকিবকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৬ জুন নিহত এনামুল ইসলামের নাতনিকে স্কুল থেকে ফেরার পথে উত্যক্ত করার অভিযোগে রাব্বিকে বাধা দেন এনামুল। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়।
এর ধারাবাহিকতায় ৮ জুন রাতে স্মরণপুর জামতলা মোড় এলাকা থেকে বাড়ি ফেরার পথে এনামুল ইসলামের পথরোধ করা হয়। অভিযোগ রয়েছে, এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে মনিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৬।