কেএমপিতে ট্রাফিক পুলিশের ৩১ সদস্যকে সম্মাননা ও আর্থিক পুরস্কার প্রদান
খুলনা ব্যুরো :
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ট্রাফিক বিভাগের প্রশংসনীয় ও দায়িত্বশীল কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ ৩১ জন পুলিশ সদস্যকে সম্মাননা ও আর্থিক পুরস্কার প্রদান করেছে।
বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টায় কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
অনুষ্ঠানে কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশের সবচেয়ে দৃশ্যমান ও জনগণের সরাসরি মূল্যায়নের আওতাভুক্ত ইউনিট হলো ট্রাফিক বিভাগ। তাই ট্রাফিক পুলিশের প্রতিটি সদস্যকে সততা, দক্ষতা, পেশাদারিত্ব, ধৈর্য ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, বর্তমানে ট্রাফিক বিভাগের সদস্যদের বিরুদ্ধে কোনো অভিযোগ না আসা একটি ইতিবাচক অর্জন, যা ভবিষ্যতেও ধরে রাখতে হবে।
তিনি পুলিশ সদস্যদের সাধারণ মানুষ, চালক ও রিকশাচালকদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ এবং সেবামূলক মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
গত এক মাসে কর্মদক্ষতার জন্য ১ জন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), ৫ জন সার্জেন্ট/টিএসআই, ৫ জন এটিএসআই এবং ২০ জন কনস্টেবলকে সম্মাননা ও আর্থিক পুরস্কার দেওয়া হয়।
পুলিশ কমিশনার জানান, ভালো কাজের স্বীকৃতি ও পুরস্কার প্রদানের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহ ও প্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলামসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।