বাগেরহাটে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

 প্রকাশ: ১১ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন   |   খুলনা

বাগেরহাটে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

খুলনা ব্যুরো :

বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল পৌনে ৪ টার দিকে সদর উপজেলার কেশবপুর গ্রামের মনিগঞ্জ ব্রিজের উত্তর পাশে বাগেরহাট-চিতলমারী সড়কের পূর্ব পাশে টোল প্লাজার সামনে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সৈয়দ সালমান (৩৮), পিতা সৈয়দ নজরুল ইসলাম, গ্রামের বাড়ি বাদেকাড়াপাড়া এবং শেখ মনিরুল ইসলাম (৫৬), পিতা মৃত শেখ নূর মোহাম্মদ, গ্রামের বাড়ি কার্তিকদিয়া হুলারপাড়া, উভয়েই বাগেরহাট সদর উপজেলার বাসিন্দা।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, বাগেরহাট সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement