স্থানীয় সমস্যা-সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা; প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতা কামনা

 প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন   |   রাজশাহী

স্থানীয় সমস্যা-সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা; প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতা কামনা

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সদ্য দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাসের সঙ্গে স্থানীয় সুধীজন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও প্রিয়াংকা দাস।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. সুলতানা রাজিয়া, নাচোল কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা জামায়াতের আমির প্রভাষক ইয়াকুব আলী, পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, আমিনুল হক ও আল মেহরাব জাকারিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে উন্মুক্ত আলোচনায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, অবকাঠামোগত উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে মতামত তুলে ধরেন।

নবাগত ইউএনও প্রিয়াংকা দাস তাঁর বক্তব্যে বলেন, নাচোলের সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সকলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রশাসনের কার্যক্রমকে আরও জনমুখী ও গতিশীল করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে উপজেলার উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে ইউএনও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন। তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement