নিমগাছি নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল
মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নিমগাছি এলাকার নদীভাঙন কবলিত অঞ্চল পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।
পরিদর্শনকালে তিনি ভাঙন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এমপি নূরুল ইসলাম বুলবুল নদীভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যতে ভাঙনের স্থায়ী সমাধানে টেকসই ও দীর্ঘমেয়াদি বাঁধ নির্মাণের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
তিনি বলেন, নদীভাঙনের কারণে এলাকার মানুষের জানমাল ও বসতভিটার নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভাঙন রোধ এবং ক্ষতিগ্রস্ত জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
স্থানীয় বাসিন্দারা নদীভাঙন রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এ সময় এমপি বুলবুল তাদের আশ্বস্ত করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সর্বাত্মক সহযোগিতা করা হবে।