সংবাদ শিরোনাম

পুলিশের গাড়িতে হামলার আশঙ্কা, দেশজুড়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ

 প্রকাশ: ০২ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন   |   জাতীয়

পুলিশের গাড়িতে হামলার আশঙ্কা, দেশজুড়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ

অনলাইন ডেস্ক

আগস্ট মাসকে ঘিরে নাশকতার আশঙ্কায় পুলিশের ব্যবহৃত সব ধরনের যানবাহনের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ বা উগ্রবাদী সংগঠন এবং দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ ও বাসসহ বিভিন্ন যানবাহন লক্ষ্য করে হামলা চালাতে পারেএমন আশঙ্কা থেকেই এ সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশনস শাখা থেকে পাঠানো এক জরুরি বার্তায় দেশের মাঠপর্যায়ের সব পুলিশ ইউনিটকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে পুলিশ স্থাপনা ও যানবাহনের সুরক্ষায় বাড়তি নজরদারি নিশ্চিত করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, দায়িত্ব পালন কিংবা বিরতির সময় কোনো পুলিশি যানবাহন অরক্ষিত অবস্থায় রাখা যাবে না। গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে নিরাপদ স্থান বেছে নেওয়ার পাশাপাশি সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখতে হবে। ডিউটি শেষে থানা, পুলিশ লাইনস কিংবা সংশ্লিষ্ট অফিস প্রাঙ্গণে রাখা যানবাহনের ক্ষেত্রেও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

দেশের সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপারকে জরুরি ভিত্তিতে নির্দেশনাটি বাস্তবায়নের কথা জানিয়েছে পুলিশ সদর দপ্তর। বার্তায় বিষয়টিকে ‘অতি জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, আগস্ট মাসকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত কিছু সংগঠন বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করতে পারেএমন তথ্য পাওয়া গেছে। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই পুলিশের যানবাহনের নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পুলিশ সদস্যদের টহলের সময় আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সন্দেহজনক কোনো বস্তু বা কর্মকাণ্ড নজরে এলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এই পদক্ষেপের লক্ষ্য হলো সম্ভাব্য নাশকতা প্রতিরোধের পাশাপাশি পুলিশের যানবাহন ও স্থাপনাসহ রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা।

Advertisement
Advertisement
Advertisement