সংবাদ শিরোনাম

শহীদদের রক্তের ঋণ শোধে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান শফিকুর রহমানের

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন   |   জাতীয়

শহীদদের রক্তের ঋণ শোধে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান শফিকুর রহমানের

অনলাইন ডেস্ক

জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের রক্তের ঋণ আংশিক হলেও পরিশোধ করতে হলে বৈষম্যহীন, গণতান্ত্রিক, সুশাসন ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান।

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) দেশবাসী ও বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ওই বার্তায় তিনি জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও এর তাৎপর্য তুলে ধরেন।

ড. শফিকুর রহমান বলেন, ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় একটি দিন। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, তরুণ-তরুণী, শিশু-কিশোর, প্রবীণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে রাজপথে নেমে আন্দোলনকে এক দফা দাবিতে রূপ দেন।

তার ভাষ্য অনুযায়ী, আন্দোলন দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে কঠোর দমন-পীড়ন ও গুলিবর্ষণের মতো পদক্ষেপ নেওয়া হলেও আন্দোলনকারীরা পিছু হটেননি। একপর্যায়ে ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছাড়েন। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের শাসনব্যবস্থার অবসান ঘটে বলে দাবি করেন জামায়াত আমীর।

জুলাই আন্দোলনে প্রাণহানি ও আহতদের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে প্রায় দেড় হাজার মানুষ নিহত এবং প্রায় ৩০ হাজার মানুষ গুরুতর আহত হন। অনেকে হাত-পা কিংবা চোখ হারিয়ে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

বার্তায় জুলাই গণ-অভ্যুত্থানে নিহত আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন ড. শফিকুর রহমান। একই সঙ্গে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা ও কৃতজ্ঞতা জানান তিনি।

জামায়াত আমীরের অভিযোগ, একটি বিশেষ মহলের কারণে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রত্যাশিত বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সুশাসনভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এ কারণে কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য সংগ্রাম অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, অতীতের বিভাজন ও মতপার্থক্য পেছনে ফেলে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একটি বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ, মানবিক ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে জন্য তাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান ড. শফিকুর রহমান।

Advertisement
Advertisement
Advertisement