সংবাদ শিরোনাম

প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় যুক্ত হচ্ছে মার্শাল আর্ট: ববি হাজ্জাজ

 প্রকাশ: ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন   |   জাতীয়

প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় যুক্ত হচ্ছে মার্শাল আর্ট: ববি হাজ্জাজ

ঢাকা, ১ আগস্ট:

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে ক্রীড়া শিক্ষার পাশাপাশি মার্শাল আর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই সরকার প্রাথমিক শিক্ষায় ক্রীড়া কার্যক্রম আরও শক্তিশালী করছে এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষার অংশ হিসেবে মার্শাল আর্ট অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে।

শুক্রবার রাতে রাজধানীর বিজয় সরণির র‍্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থা আয়োজিত ‘ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মার্শাল আর্ট শুধু আত্মরক্ষার কৌশল নয়; এটি একজন শিক্ষার্থীর মধ্যে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, ধৈর্য ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলে। আত্মবিশ্বাসী শিক্ষার্থীরা সহিংসতা ও সংঘাত এড়িয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হয়।

তিনি বলেন, সুস্থ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক তরুণ প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার পাশাপাশি মার্শাল আর্টের প্রসার জরুরি। এজন্য কারাতে সংগঠনগুলোকে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি। সরকার এ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন।

নিজের কারাতে চর্চার স্মৃতিচারণ করে ববি হাজ্জাজ বলেন, ১৯৯১ সালে কিয়োকুশিন কারাতে প্রশিক্ষণের মাধ্যমে তাঁর এই যাত্রা শুরু হয়। সে সময়ের অনুশীলন, সহপাঠীদের সঙ্গে বন্ধুত্ব এবং বিভিন্ন প্রদর্শনীর স্মৃতি এখনও তাঁকে অনুপ্রাণিত করে। বর্তমান প্রজন্মের কারাতেকাদের পরিবেশনা দেখে তিন দশকেরও বেশি সময় আগের সেই স্মৃতি ফিরে এসেছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ব্ল্যাক বেল্ট অর্জনকারী কারাতেকাদের হাতে সনদ ও ব্ল্যাক বেল্ট তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

Advertisement
Advertisement
Advertisement