টাঙ্গাইল ডিসি লেককে মিনি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু
টাঙ্গাইল:
টাঙ্গাইল শহরের অন্যতম বিনোদনকেন্দ্র ডিসি লেককে পরিচ্ছন্ন করে একটি মিনি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার (৩১ জুলাই) ডিসি লেকের সৌন্দর্য ফিরিয়ে আনতে কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রমের উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ পরিকল্পনার কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ডিসি লেক শুধু একটি বিনোদনকেন্দ্র নয়, এটি টাঙ্গাইল শহরের সৌন্দর্য ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। তাই এর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি জানান, পর্যায়ক্রমে পুরো ডিসি লেক পরিষ্কার করা হবে। একই সঙ্গে লেকটিকে একটি মিনি পর্যটনকেন্দ্র এবং সংলগ্ন চর এলাকাকে বৃহৎ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এছাড়া লেকে মাছ চাষের উদ্যোগ নেওয়া হবে, যাতে স্থানীয় জনগণও এর সুফল ভোগ করতে পারেন।
এর আগে প্রতিমন্ত্রী লেকের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে তিনি নিজেও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন এবং সংশ্লিষ্টদের নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
এ সময় জেলা প্রশাসক শরীফা হক, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল্লাহিল কাফিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।