সংবাদ শিরোনাম

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সার্কিট হাউসে আশ্রয় নেতাকর্মীদের

 প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন   |   জাতীয়

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সার্কিট হাউসে আশ্রয় নেতাকর্মীদের

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলের অঙ্গসংগঠন যুবশক্তির নেতা তারেক জামিলসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। পাশাপাশি অন্তত চারটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোলাপগঞ্জের পাঁচপাঁইল এলাকায় এ ঘটনা ঘটে। এনসিপির নেতাদের ভাষ্য অনুযায়ী, জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তাদের গাড়িবহর কানাইঘাটের উদ্দেশে রওনা হয়েছিল। পথিমধ্যে হামলার মুখে পড়ে বহরটি।

এনসিপির সিলেট জেলা শাখার সদস্যসচিব কামরুল আরিফ জানান, পাঁচপাঁইল এলাকায় পৌঁছানোর পর ৪০ থেকে ৫০ জনের একটি দল তাদের গাড়িবহরের পথরোধ করে। পরে রড ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলায় তার নিজস্ব গাড়ির পাশাপাশি দলের নেতা সারজিস আলম, আতিফ মুজাহিদ ও ডা. মাহমুদা আলম মিতুর ব্যবহৃত গাড়িতেও ব্যাপক ভাঙচুর করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, হামলার সময় গাড়ি থেকে নামলে নেতাকর্মীদের ধাক্কাধাক্কি ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এতে যুবশক্তি সিলেটের সাবেক দপ্তর সম্পাদক তারেক জামিল চোখে গুরুতর আঘাত পান।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় নির্ধারিত কর্মসূচি স্থগিত করে নেতাকর্মীরা সেখান থেকে ফিরে আসেন বলে জানান কামরুল আরিফ। বর্তমানে তারা সিলেট সার্কিট হাউসে অবস্থান করছেন।

এদিকে এনসিপির নেতা সারজিস আলম অভিযোগ করেছেন, তাদের ওপর দুই দফায় হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পৃথক দুই পোস্টে তিনি দাবি করেন, পাঁচপাঁইল বাজার এলাকায় হামলার আগে গোলাপগঞ্জের অন্য একটি স্থানেও তাদের বহর বাধার মুখে পড়ে।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে হামলার অভিযোগ ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Advertisement
Advertisement
Advertisement