ইরাকে নিহত পাঁচ আইআরজিসি সদস্যের মরদেহ দেশে ফিরল
আন্তর্জাতিক ডেস্ক:
ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় নিহত ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর পাঁচ সদস্যের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার মেহরান সীমান্ত ক্রসিং দিয়ে মরদেহগুলো ইরানে নেওয়া হয়।
ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২৯ জুলাই ইরাকের দিয়ালা প্রদেশে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে চালানো বিমান হামলায় তারা নিহত হন। এর আগে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ/হাশদ আল-শাবি) জানায়, ওই হামলায় তাদের অন্তত ২০ যোদ্ধা নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন।
রাষ্ট্র-সংশ্লিষ্ট গণমাধ্যম নিহত পাঁচ আইআরজিসি সদস্যের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন মোর্তেজা আকবারি, আলি-আসগর আস্তানেহ, আবোলফাজল মোতাঘেদি, আমির-আব্বাস দেরহাম-ফোরুশ এবং মোহাম্মদ-আমিন রোস্তামি জলিলিয়ান।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে প্রথম চারজন খোমেইন ও কাশান এলাকার বাসিন্দা ছিলেন। অন্যদিকে মোহাম্মদ-আমিন রোস্তামি জলিলিয়ানের বাড়ি ছিল কেরমানশাহ প্রদেশে।