সংবাদ শিরোনাম

হজের বিমান টিকিট ১ লাখ ৩০ হাজার টাকায়, খরচ আরও কমাতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

 প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন   |   জাতীয়

হজের বিমান টিকিট ১ লাখ ৩০ হাজার টাকায়, খরচ আরও কমাতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

ঢাকা, ৩০ জুলাই:

বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় কমিয়ে আরও সহজ ও স্বস্তিদায়কভাবে পবিত্র হজ পালনের সুযোগ নিশ্চিত করতে সরকার ধারাবাহিক উদ্যোগ নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, চলতি বছর হজের বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীতে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, আগের বছর টিকিটের মূল্য ১২ হাজার টাকা কমানো হয়েছিল। এবার সেই উদ্যোগ আরও সম্প্রসারণ করে অতিরিক্ত ২৫ হাজার টাকা কমানো সম্ভব হয়েছে। পাশাপাশি সৌদি আরবের বিমানবন্দরে আরোপিত নির্মাণ কর কমানোর বিষয়ে সৌদি সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশি হাজিদের আবাসন ব্যয় কমানোর লক্ষ্যে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে ইতোমধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। ভবিষ্যতে হজযাত্রা আরও সাশ্রয়ী ও সুবিধাজনক করতে সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ অব্যাহত রাখবে।

হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা বা অনিয়ম বরদাশত করা হবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, বাংলাদেশের প্রায় ৯৫ শতাংশ হজযাত্রী বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যান, আর সরকারি ব্যবস্থাপনায় যান প্রায় ৫ শতাংশ। তিনি এজেন্সি মালিকদের উদ্দেশে বলেন, এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয় যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে বা হজযাত্রীদের ভোগান্তির কারণ হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রীর নেতৃত্বে অতিথিরা হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত সৌদি দূতাবাসের উপ-মিশন প্রধান খালিদ সাঈদ আল হাদাল, হাবের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক হজ ও ওমরাহ প্রত্যাশী উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement