সংবাদ শিরোনাম

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

 প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন   |   জাতীয়

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

ঢাকা, ২৯ জুলাই:

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, রাষ্ট্রায়ত্ত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদ বিক্রি নিয়ে যেসব গুজব ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। গুজবে কান না দিয়ে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের উদ্বোধন এবং ২০২৫-২৬ অর্থবছরের সংগৃহীত রাজস্ব থেকে মুনাফার অংশ হিসেবে ১৮ কোটি ৫৭ লাখ টাকার চেক ডাক অধিদপ্তরের কাছে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য নগদের মতো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষ, লাভজনক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করা। বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রেখেই সরকারি ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটির কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস কোনো নতুন ধারণা নয়; বিশ্বের বিভিন্ন দেশে এ ব্যবস্থা সফলভাবে পরিচালিত হচ্ছে। বাংলাদেশেও এ উদ্যোগের মাধ্যমে ডাকসেবা জনগণের আরও কাছাকাছি পৌঁছে দেওয়া সম্ভব হবে। এ সুবিধা সম্পর্কে ব্যাপক প্রচারণা চালানোর মাধ্যমে আরও উদ্যোক্তাকে যুক্ত করার আহ্বান জানান তিনি।

ফকির মাহবুব আনাম বলেন, পর্যায়ক্রমে দেশের সব পোস্ট অফিসকে ফ্র্যাঞ্চাইজি মডেলে পরিচালনার সুযোগ তৈরি হবে। এতে নাগরিক সেবার পরিধি যেমন বাড়বে, তেমনি নতুন কর্মসংস্থান ও ব্যবসার সুযোগও সৃষ্টি হবে। তিনি উদ্যোক্তাদের আশ্বস্ত করে বলেন, কার্যক্রম পরিচালনায় যে কোনো সমস্যায় ডাক বিভাগ প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

নগদের মুনাফার চেক গ্রহণ শেষে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যেই নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নগদের মুনাফা সেই সফলতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

তিনি আরও বলেন, ডিজিটাল আর্থিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় নিরাপদ, সহজ ও সাশ্রয়ী সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ডাক বিভাগের আধুনিকায়ন, নগদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও আস্থাশীল ও জনবান্ধব করে তুলতে হবে।

মন্ত্রী জানান, সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে নগদের প্রতি মানুষের বিশেষ আস্থা রয়েছে। আধুনিক সফটওয়্যার, উন্নত গ্রাহকসেবা ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও প্রতিযোগিতামূলক করা সম্ভব। পাশাপাশি দেশের ৯ হাজারের বেশি ডাকঘরকে আধুনিক সেবাকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষও সহজে ডিজিটাল ও আর্থিক সেবা পান। চলতি অর্থবছরে নগদের উল্লেখযোগ্য কর ও রাজস্ব প্রদান রাষ্ট্রীয় রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রথম পর্যায়ে ঢাকার ভেতরে চারটি এবং ঢাকার বাইরে চারটি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হচ্ছে। ভবিষ্যতে ধাপে ধাপে দেশের সব অঞ্চলে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

বিপিও-নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) কাজী আসাদুল ইসলাম। এছাড়া নগদের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তা, ডাক অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement