হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাংকার থামাল ইরান
আন্তর্জাতিক ডেস্ক:
হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলোকে থামিয়ে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংঘাত আপাতত স্তিমিত থাকলেও এ ঘটনা নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।
আইআরজিসির নৌবাহিনীর দাবি, সংশ্লিষ্ট তিনটি ট্যাংকার তাদের দেওয়া সতর্কবার্তা অমান্য করে ‘অনিরাপদ ও অবৈধ’ নৌপথে চলাচল অব্যাহত রাখে। এরপর সেগুলোতে হামলা চালিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, আইআরজিসির নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, “সতর্কবার্তা উপেক্ষা করে অনিরাপদ ও অবৈধ পথে চলাচল অব্যাহত রাখা তিনটি বিধিভঙ্গকারী তেলবাহী ট্যাংকারে আঘাত হেনে সেগুলোকে থামিয়ে দেওয়া হয়েছে।”
তাৎক্ষণিকভাবে ট্যাংকারগুলোর পরিচয়, মালিকানা, জাতীয়তা কিংবা এ ঘটনায় কোনো হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি। পাশাপাশি এ দাবির বিষয়ে স্বাধীনভাবে যাচাইও সম্ভব হয়নি।