সংবাদ শিরোনাম

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

 প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন   |   জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

অনলাইন ডেস্ক

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে সাংবিধানিক প্রক্রিয়া এগিয়ে নিতে আজ (মঙ্গলবার) জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠকে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দলও উপস্থিত থাকবে।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠেয় এ বৈঠকে রাষ্ট্রপতি পদে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রস্তুতি, নির্বাচনসূচি নির্ধারণ এবং সংশ্লিষ্ট সাংবিধানিক বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন সোমবার গণমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, গত শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক কার্যক্রম শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন ও জাতীয় সংসদের মধ্যে সমন্বয় জোরদার করতেই এই বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী গত শুক্রবার তৎকালীন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement