রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত তারিখ এখনো নির্ধারণ হয়নি, জানালেন সিইসি
অনলাইন ডেস্ক
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের
প্রস্তুতি এগিয়ে নিতে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের
সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন
থাকলেও ভোটগ্রহণের চূড়ান্ত তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন প্রধান
নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায়
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি
প্রতিনিধিদল অংশ নেয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে
আলাপকালে সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সার্বিকভাবে
প্রস্তুত রয়েছে। তবে ভোটের দিনক্ষণ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচনের তফসিল ও
তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
তিনি জানান, আপাতত নির্বাচন আয়োজনের
বিভিন্ন দিক নিয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ
হবে কি না এবং সংসদের অধিবেশন চলমান থাকবে কি না—এসব বিষয়ের
ওপর নির্ভর করে ভোটগ্রহণের পদ্ধতিতে কিছু পার্থক্য থাকতে পারে।
সিইসির ভাষ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ
নির্বাচন হলে এক ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হবে, আর বিনা প্রতিদ্বন্দ্বিতায়
নির্বাচন হলে ভিন্ন ব্যবস্থা থাকবে। একইভাবে সংসদের অধিবেশন চলাকালীন ও অধিবেশন না
থাকলে নির্বাচন পরিচালনার প্রক্রিয়াতেও কিছু পার্থক্য রয়েছে। এসব বিষয় নিয়েই বৈঠকে
বিস্তারিত আলোচনা হয়েছে।
এদিকে, সাতক্ষীরা-৪ আসনের এক সংসদ সদস্যকে ঘিরে সাম্প্রতিক ঘটনার বিষয়ে এক প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন বলেন, বিষয়টি সংসদ সচিবালয় থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে পাঠানো হলে কমিশন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।