সংবাদ শিরোনাম

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ: তদন্তে ৩ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

 প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন   |   জাতীয়

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ: তদন্তে ৩ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

অনলাইন ডেস্ক

দেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক থাকার অভিযোগের ঘটনায় স্বাধীন তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ লক্ষ্যে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বলা হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, গঠিত বিশেষজ্ঞ কমিটি বাজারে প্রচলিত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে কি না, থাকলে তা জনস্বাস্থ্যের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে এবং এ-সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই করে আদালতে প্রতিবেদন দাখিল করবে।

এর আগে বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির অভিযোগ তুলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়।

রিটে উল্লেখ করা হয়, বাজারে প্রচলিত ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষায় ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে। এতে বলা হয়, এসব ক্ষুদ্র প্লাস্টিক কণা দীর্ঘমেয়াদে মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য গুরুতর ঝুঁকির কারণ হতে পারে।

রিটের শুনানি শেষে অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে আদালত স্বাধীন তদন্তের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেন এবং নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলেন।

মাইক্রোপ্লাস্টিক কী?

মাইক্রোপ্লাস্টিক হলো পাঁচ মিলিমিটারেরও কম আকারের প্লাস্টিক কণা, যা বিভিন্ন ভোগ্যপণ্য ও প্রসাধনী সামগ্রীতে ব্যবহৃত হয়ে থাকে। বিশেষজ্ঞদের মতে, এসব অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা মানবদেহে প্রবেশ করলে দীর্ঘমেয়াদে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। পাশাপাশি এগুলো পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।

Advertisement
Advertisement
Advertisement