সংবাদ শিরোনাম

দুপুরের আগেই ৯ জেলায় বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

 প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন   |   জাতীয়

দুপুরের আগেই ৯ জেলায় বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

অনলাইন ডেস্ক

দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার দুপুরের আগেই দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে ৯ জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ২৪ ঘণ্টার পূর্বাভাসেও দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের দিকে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা সামান্য কমতে পারে।

Advertisement
Advertisement
Advertisement