রানের ক্ষেপণাস্ত্র হামলা, সবই প্রতিহত যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক:
সেন্টকমের দাবি, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ছোড়া সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
কয়েক দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, মঙ্গলবার (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) মধ্যপ্রাচ্যে অবস্থানরত তাদের বাহিনীকে লক্ষ্য করে ইরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে সবগুলো ক্ষেপণাস্ত্রই সফলভাবে প্রতিহত করা হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আকস্মিক হামলার উদ্দেশ্যে ইরান থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে।
বিবৃতিতে বলা হয়, নিক্ষেপ করা সব ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হয়েছে। তবে হামলার লক্ষ্যবস্তু হিসেবে মধ্যপ্রাচ্যের কোন কোন এলাকায় থাকা মার্কিন ঘাঁটি বা বাহিনীকে টার্গেট করা হয়েছিল, সে বিষয়ে সেন্টকম বিস্তারিত জানায়নি।
এর আগে সপ্তাহান্তে উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলায় সাময়িক বিরতি দেখা যায়। তার আগে প্রায় দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরানে রাতভর ধারাবাহিক হামলা চালায়। জবাবে তেহরান উপসাগরীয় অঞ্চলে ওয়াশিংটনের মিত্রদের লক্ষ্য করে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
জুলাইয়ের মাঝামাঝি নতুন করে সংঘাত তীব্র হয়ে ওঠে, যখন ইরান হরমুজ প্রণালিতে চলাচলকারী কয়েকটি জাহাজে হামলা চালায়।
সপ্তাহান্তের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় অগ্রগতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, সমাধানের ক্ষেত্রে ‘ভালো সম্ভাবনা’ রয়েছে।