সংবাদ শিরোনাম

শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানুর রহমানের

 প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন   |   জাতীয়

শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানুর রহমানের


​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান নাচোল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, মতবিনিময় এবং একাধিক ইউনিয়নে সাধারণ জনগণের সাথে সৌজন্য ও উন্নয়নমূলক পথসভায় অংশগ্রহণ করেছেন।

​সফরসূচির অংশ হিসেবে তিনি কসবা ইউনিয়নের সোনাইচন্ডী কলেজ, সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়, সোনাইচন্ডী বালিকা উচ্চ বিদ্যালয় এবং সব্দলপুর দাখিল মাদ্রাসা সরাসরি পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা কমিটির (এমপিও/ম্যানেজিং কমিটি) সদস্যদের সাথে শিক্ষার মানোন্নয়ন এবং ভৌত অবকাঠামোগত সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

​রবিবার ২৬ জুলাই পরিদর্শনকালে সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ড.মু. মিজানুর রহমান বলেন, "একটি সমৃদ্ধ সমাজ ও জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার গুণগত মান ত্বরান্বিত করতে শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধি—আমাদের সকলকে একসঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে।"

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সোনাইচন্ডী কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলাম, সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, সোনাইচন্ডী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী ও সহকারী প্রধান শিক্ষক ওবাইদুর রহমান এবং সব্দলপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোজাম্মেল হক।

​সংসদ সদস্যের এই সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী এবং সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন।

​শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের পর সংসদ সদস্য ড.মু. মিজানুর রহমান নেজামপুর ইউনিয়ন সফর করেন। তিনি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই এলাকার হাটবাকইল বাজার, বরেন্দা গ্রাম, লক্ষ্মীপুর গ্রাম এবং নেজামপুর বাজার এলাকায় স্থানীয় জনগণের সাথে সরাসরি মতবিনিময় সভায় মিলিত হন। এসব সভায় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট ও অবকাঠামোগত সমস্যার কথা শোনেন এবং আগামীর উন্নয়ন পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেন।

Advertisement
Advertisement
Advertisement