মিসর হামলা ঘিরে ইসরায়েলকে সতর্ক করলেন আরাকচি
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মিসরের দামিয়েত্তা বন্দরে সাম্প্রতিক ড্রোন ঘটনার জেরে ইরানকে জড়ানোর চেষ্টা নিয়ে সতর্ক করে বলেছেন, আঞ্চলিক শান্তি নষ্ট করতে ইসরায়েল ‘ফলস-ফ্ল্যাগ’ বা ভুয়া অভিযানের আশ্রয় নিতে পারে।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাকচি বলেন, মধ্যপ্রাচ্যের সব দেশকেই ইসরায়েলের এমন ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ‘মিসর এই অঞ্চলে আমাদের গুরুত্বপূর্ণ বন্ধু ও অংশীদার। দেশটির নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
আরাকচির দাবি, ইসরায়েল এমন পরিকল্পনার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করতে চায়। তাঁর ভাষায়, ‘মুসলিম দেশগুলোর সংহতিকে ভয় পায় এমন একটি হুমকি আমাদের সবার সামনে স্পষ্ট। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’
বুধবার দামিয়েত্তা বন্দরে ড্রোন-সংক্রান্ত ঘটনার পর যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা কোনো প্রমাণ উপস্থাপন না করেই ইরানের সম্পৃক্ততার ইঙ্গিত দেন। তবে মিসরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি। উদ্ধার করা ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখা হচ্ছে এবং তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো হবে না।
মিসরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি বলেছেন, ড্রোনটির উৎস শনাক্ত করতে নিরাপত্তা সংস্থাগুলো ধ্বংসাবশেষ পরীক্ষা করছে। একই সঙ্গে তথ্যবিষয়ক প্রতিমন্ত্রী দিয়া রাশওয়ান জানিয়েছেন, তদন্ত শেষ হলে এর ফলাফল প্রকাশ করা হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই ইঙ্গিত দিয়েছেন, এ ঘটনার সঙ্গে ইরানের সম্পৃক্ততা থাকতে পারে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এমনটি প্রমাণিত হলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে।