সংবাদ শিরোনাম

দৌলতপুরের পাবলায় পুনাকের উদ্যোগে গভীর নলকূপ উদ্বোধন

 প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন   |   খুলনা

দৌলতপুরের পাবলায় পুনাকের উদ্যোগে গভীর নলকূপ উদ্বোধন

খুলনা ব্যুরো :

খুলনা মহানগরীর দৌলতপুর থানার পাবলা সবুজ সংঘ মাঠে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ সুপেয় পানির চাহিদা পূরণে স্থাপিত একটি গভীর নলকূপ উদ্বোধন করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় আয়োজিত উদ্বোধনী ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গভীর নলকূপটির উদ্বোধন করেন পুনাকের সভানেত্রী অধ্যাপক নাসিমা ফেরদৌসী।

অনুষ্ঠানের শুরুতে পুনাকের নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন পাবলা সবুজ সংঘের নেতারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী। পরে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম শুরু হয়। এ সময় প্রধান অতিথি মাঠ প্রাঙ্গণে একটি ক্রিসমাস ট্রির চারা রোপণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নাসিমা ফেরদৌসী বলেন, তিন দশকেরও বেশি সময় ধরে পুনাক পুলিশ পরিবারের কল্যাণ, নারী উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সেলাই, কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি বিনামূল্যে চক্ষু শিবির, ছানি অপারেশন, থ্যালাসেমিয়া পরীক্ষা, শীতবস্ত্র বিতরণ এবং স্যানিটেশন উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

তিনি বলেন, খুলনা অঞ্চলে লবণাক্ততার কারণে দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকট রয়েছে। স্থানীয় মানুষের এ দুর্ভোগ লাঘবের লক্ষ্যেই পুনাকের উদ্যোগে গভীর নলকূপটি স্থাপন করা হয়েছে, যাতে সাধারণ মানুষ নিরাপদ ও সুপেয় পানির সুবিধা পান।

তিনি আরও বলেন, পুনাকের সামর্থ্য সীমিত হলেও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার অব্যাহত থাকবে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে পুনাকের সহ-সভানেত্রী সাবিনা আওলাদ, তানভীন সুমি, নাজমুন নাহার, খন্দকার আইরিন পারভীন ও শারমীন সিদ্দিকাসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। তিনি পুনাকের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় জনগণের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Advertisement
Advertisement
Advertisement