কেএমপির লবনচরা থানার নতুন ভবনে কার্যক্রম শুরু, বাড়বে সেবার মান
খুলনা ব্যুরো :
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) লবণচরা থানা নিজস্ব নবনির্মিত ভবনে কার্যক্রম শুরু করেছে। এত দিন ভাড়া বাড়িতে পরিচালিত হওয়া থানাটি এখন নিজস্ব স্থাপনায় স্থানান্তরিত হলো। নতুন ভবনের কারণে পুলিশ সদস্যদের কর্মপরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি সেবার মানও বাড়বে বলে প্রত্যাশা করছে কেএমপি।
মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১০টায় নবনির্মিত লবণচরা থানা ভবনের উদ্বোধন করেন পুলিশ সদর দপ্তরের প্রশাসন শাখার অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) এ কে এম আওলাদ হোসেন।
নতুন থানা প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। উদ্বোধনের শুরুতে মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানিয়ে মোনাজাত করা হয়। পরে ফিতা কেটে থানা ভবনের উদ্বোধন করেন অতিরিক্ত আইজিপি।
উদ্বোধনের পর থানা প্রাঙ্গণে একটি রুদ্রপলাশের চারা রোপণ করেন তিনি। পরে থানা ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। অফিসার ইনচার্জের কক্ষসহ অন্যান্য কক্ষ ও থানা ব্যারাক পরিদর্শন করেন। এ সময় তিনি থানার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
কেএমপি জানায়, নিজস্ব ভবনে থানা স্থানান্তরের ফলে পুলিশ সদস্যদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিত হবে। এর মাধ্যমে তাঁদের পেশাগত দক্ষতা আরও বিকশিত হবে এবং নাগরিকদের সেবার মানও উন্নত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) এম এম শাকিলুজ্জামানসহ কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।