রায়েরমহল কলেজ পরিচালনা কমিটির সভাপতির অপসারণ দাবি, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ
খুলনা ব্যুরো :
খুলনার রায়েরমহল কলেজ পরিচালনা কমিটির বর্তমান সভাপতি রাশিদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ এনে তাকে অপসারণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা মো. আকতার। আবেদনের অনুলিপি শিক্ষামন্ত্রী, খুলনা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
লিখিত অভিযোগে মো. আকতার দাবি করেন, রাশিদুল ইসলামের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড ও বিভিন্ন বিতর্কিত বিষয়ে এলাকায় দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রভাব খাটিয়ে সুবিধা গ্রহণ এবং বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগও উত্থাপন করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বিগত সরকারের সময় আলোচিত শেখ পরিবারের কর্তাব্যক্তিদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এছাড়া খুলনা মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশসহ আওয়ামী লীগের বিভিন্ন শীর্ষ নেতার সঙ্গে তার সুসম্পর্ক ছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ছাত্রজীবনে তিনি শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলেও দাবি করা হয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিশেষ তদবিরের মাধ্যমে তিনি রায়েরমহল কলেজ পরিচালনা কমিটির সভাপতি হন, যা এলাকায় নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
অভিযোগকারী বলেন, রায়েরমহল এলাকায় শিক্ষিত, জমিদাতা, যোগ্য ও সম্মানিত ব্যক্তিদের উপস্থিতি থাকা সত্ত্বেও বাইরের এলাকার একজন বিতর্কিত ব্যক্তিকে কলেজ পরিচালনা কমিটির সভাপতি করা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।
লিখিত অভিযোগে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং রাশিদুল ইসলামকে কলেজ পরিচালনা কমিটির সভাপতির পদ থেকে অপসারণের দাবি জানানো হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে রাশিদুল ইসলামের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো অভিযোগকারীর দাবি। এসব অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সাপেক্ষ।