বিশেষ চাহিদাসম্পন্ন তিনজনের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে সচিবালয়ের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ডেক্স নিউজ:
দিনের
সরকারি কর্মসূচির শুরুতেই মানবিক এক উদ্যোগের নজির স্থাপন করলেন প্রধানমন্ত্রী
তারেক রহমান। বিশেষ চাহিদাসম্পন্ন তিন ব্যক্তির হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দিয়ে
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে নিজের দাপ্তরিক কার্যক্রম শুরু করেন
তিনি।
বাংলাদেশ
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় প্রধানমন্ত্রী
নিয়োগপ্রাপ্তদের হাতে নিয়োগপত্র তুলে দেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেসসচিব
জুলফিকার হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারের
লক্ষ্য, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের
আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারার সঙ্গে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা।
সেই উদ্যোগের অংশ হিসেবে গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের
কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলীকে বিভিন্ন
প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপত্র
হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনজনই। প্রধানমন্ত্রী নিজ হাতে নিয়োগপত্র তুলে
দেওয়ায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন কর্মজীবন শুরুর প্রত্যয় ব্যক্ত করেন।
শারীরিক
প্রতিবন্ধী নীলা খাতুন জন্ম থেকেই দুই হাত ছাড়া জীবনযাপন করছেন। প্রতিকূলতাকে জয়
করে তিনি পা দিয়ে লিখেই স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তাকে রাজধানীর মিরপুরে
অবস্থিত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একইভাবে
দুই হাত না থাকা আয়শা আক্তারও পা দিয়ে লেখালেখি করে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়োগপত্র গ্রহণের সময় তিনি মুখ দিয়ে সেটি গ্রহণ করেন, যা
উপস্থিত সবার দৃষ্টি কাড়ে। তাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে
ক্লাস সুপারভাইজার পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে
দৃষ্টিপ্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে
নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপত্র
প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
পুতুল, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন
ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের
মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব।
এদিকে, বিশেষ চাহিদাসম্পন্ন তিন
ব্যক্তির কর্মসংস্থানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ
সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল। নিয়োগপত্র বিতরণ শেষে তিনি
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।