হামের প্রাদুর্ভাব অব্যাহত: ২৪ ঘণ্টায় শনাক্ত ৯৩, মৃত্যু ৮
ঢাকা, ৮ জুন:
দেশে হাম রোগের সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় নতুন করে উদ্বেগ বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৯২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময় পরীক্ষায় ৯৩ জনের শরীরে হাম রোগ নিশ্চিত হয়েছে।
সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত এই তথ্য সংগ্রহ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৬৫ হাজার ২৩৭ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬১ হাজার ২৭৮ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে প্রাণ হারিয়েছেন আরও সাতজন। ফলে একদিনে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আটজনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে অদ্যাবধি দেশে সন্দেহজনক হাম রোগে মোট ৫৩৬ জন এবং নিশ্চিত হাম রোগে ৯২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সংক্রমণ প্রতিরোধে শিশুদের টিকাদান নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।