জাতীয় সংসদের বাজেট অধিবেশন উপলক্ষে সংসদ ভবন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ লক্ষ্যে সংসদ ভবন সংলগ্ন নির্ধারিত এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার (৬ জুন) রাত ১২টা থেকে এ নির্দেশনা কার্যকর হবে এবং বাজেট অধিবেশন সমাপ্ত না হওয়া পর্যন্ত বহাল থাকবে।
নির্দেশনা অনুযায়ী, জাতীয় সংসদ ভবনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগস্থলসমূহের নির্ধারিত এলাকায় জনসমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও অন্যান্য গণজমায়েত আয়োজন করা যাবে না। একইসঙ্গে এসব এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকারক রাসায়নিক পদার্থ এবং পরিবেশ দূষণকারী দ্রব্য বহন বা প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, সংসদের কার্যক্রম নির্বিঘ্ন ও নিরাপদভাবে পরিচালনা এবং জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ৭ জুন রোববার বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন। এটি চলতি বছরের বাজেট অধিবেশন হওয়ায় অধিবেশনটি তুলনামূলক দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে। অধিবেশন শুরুর পূর্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করা হবে।
জাতীয় বাজেট উপস্থাপন ও সংশ্লিষ্ট আইনগত কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে এ অধিবেশনকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।