প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ জুন দু্ই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন

 প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন   |   জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ জুন দু্ই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন

আগামী ১৪ জুন দুই দিনের এক গুরুত্বপূর্ণ সফরে কক্সবাজারে যাচ্ছেন বিএনপি নেতা তারেক রহমান। সফরকালে তিনি জেলার পেকুয়া ও চকরিয়া উপজেলায় একাধিক উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেবেন এবং একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন।

কক্সবাজার-২ (চকরিয়া–পেকুয়া) আসনের সংসদ সদস্য ও সংশ্লিষ্ট স্থানীয় সূত্রে সফরসূচির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, ১৪ জুন (রোববার) সকাল ১১টায় তারেক রহমান চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে পৌঁছাবেন। সেখানে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং পার্কের বিভিন্ন অংশ পরিদর্শন করবেন।

পরবর্তীতে তিনি পেকুয়া উপজেলার উদ্দেশে রওনা হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন। এরপর পেকুয়া পৌরসভার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠানে অংশ নেবেন।

দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি চকরিয়ায় নবগঠিত ‘মাতামুহুরী’ উপজেলার ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। পরে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বের গ্রামের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশগ্রহণের কথা রয়েছে।

বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

জনসভা শেষে তার কক্সবাজার শহরে রাত্রিযাপনের কথা রয়েছে। পরদিন ১৫ জুন সকালে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন এবং পরে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

তার এই সফরকে কেন্দ্র করে কক্সবাজার, চকরিয়া ও পেকুয়া এলাকায় স্থানীয় পর্যায়ে প্রস্তুতি ও জনসম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা সফরটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছেন।

Advertisement
Advertisement
Advertisement