বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

 প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন   |   জাতীয়

বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের পক্ষে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপের ক্ষেত্র সম্প্রসারণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

সফরের অংশ হিসেবে আগামীকাল ৬ জুন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া দেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে তাঁর মতবিনিময়ের কর্মসূচি রয়েছে। সফরকালে তিনি কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিস্থিতি পরিদর্শন করবেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরের পর বাংলাদেশে তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম আনুষ্ঠানিক সফর। সংশ্লিষ্ট মহল মনে করছে, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্বের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গতিশীল হবে।

Advertisement
Advertisement
Advertisement