বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে আজ

 প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন   |   জাতীয়

বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে আজ

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ দেশে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে পালিত হচ্ছে এবং এটি পরিবেশ সুরক্ষায় জাতিসংঘের সর্ববৃহৎ বৈশ্বিক সচেতনতামূলক উদ্যোগ হিসেবে স্বীকৃত।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাবের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে রয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার বিস্তার, নদীভাঙন, বন্যা, খরা এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেশের পরিবেশ, কৃষি ও মানুষের জীবন-জীবিকায় নেতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে প্লাস্টিক ও পলিথিন দূষণ, বায়ুদূষণ এবং অপরিকল্পিত নগরায়ণ পরিবেশগত চ্যালেঞ্জকে আরও জটিল করে তুলছে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রদত্ত এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যকর কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি জানান, আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ, ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, পরিবেশবান্ধব শিল্পায়ন, টেকসই নগর উন্নয়ন এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ সুরক্ষা শুধু সরকারের একার দায়িত্ব নয়; দেশের প্রতিটি নাগরিককে এ কাজে সক্রিয়ভাবে সম্পৃক্ত হতে হবে। তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

অপর এক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। তিনি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ এবং সাধারণ জনগণকে পরিবেশ সংরক্ষণে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত জাতিসংঘের মানব পরিবেশবিষয়ক সম্মেলনের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগের ভিত্তি রচিত হয়। পরবর্তীতে জাতিসংঘ ৫ জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করে এবং ১৯৭৩ সাল থেকে দিনটি বিশ্বব্যাপী আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে।

পরিবেশবান্ধব আচরণ, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব— বিশ্ব পরিবেশ দিবসে এ প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Advertisement
Advertisement
Advertisement