সংবাদ শিরোনাম

সাইবার হামলার পর দুই তেলবাহী ট্যাংকারে তল্লাশি

 প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

সাইবার হামলার পর দুই তেলবাহী ট্যাংকারে তল্লাশি ছবি-সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

সাইবার হামলার শিকার হওয়ার পর যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড ও এফবিআই দুটি বিশাল জ্বালানি তেলবাহী ট্যাংকার তল্লাশি করেছে। আধুনিক বাণিজ্যিক জাহাজগুলো ইন্টারনেট ও আধুনিক প্রযুক্তির ওপর নির্ভরশীল হওয়ায় এ ধরনের ঘটনা বিশ্বজুড়ে নতুন নিরাপত্তা উদ্বেগের জন্ম দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

গত মাসে টেক্সাসের গ্যালভেস্টনের উদ্দেশ্যে রওনা দেওয়া লিবিয়ার পতাকাবাহী সুপারট্যাংকার ‘ভিএল প্রসপেরিটি’ সাগরে সাইবার হামলার মুখে পড়ে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, হ্যাকাররা জাহাজটির নেভিগেশন, প্রোপালশন ও কার্গো সিস্টেমে প্রবেশ করে প্রায় ৩০ ঘণ্টা যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিল। যদিও যুক্তরাষ্ট্র এই হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করেনি, তবে কোস্ট গার্ডের সাইবার কমান্ডের প্রধান রিয়ার অ্যাডমিরাল অ্যামি গ্র্যাবল নিশ্চিত করেছেন যে জাহাজে ম্যালওয়্যার ও সাইবার কার্যক্রমের প্রমাণ মিলেছে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান জাহাজগুলোর আইটি নেটওয়ার্ক এবং ইঞ্জিন বা নেভিগেশনের মতো অপারেশনাল প্রযুক্তি প্রায়ই একটি সাধারণ ফায়ারওয়ালের পেছনে যুক্ত থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া লাগায় হ্যাকারদের পক্ষে দুর্বল নেটওয়ার্ক শনাক্ত করা আরও সহজ হয়ে গেছে। তবে সম্পূর্ণ জাহাজ দূর থেকে নিয়ন্ত্রণ করা কঠিন হলেও, ছোটখাটো সাবসিস্টেম বিকল করে জাহাজটিকে অনিরাপদ করে তোলা বা দুর্ঘটনার মুখে ফেলা অসম্ভব নয়।

যুক্তরাষ্ট্রের বন্দরগুলোতে বছরে ৫ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য পরিচালিত হয়। সামান্য সাইবার বিভ্রাট বা বন্দর ম্যানুয়াল অপারেশনে চলে গেলে পুরো অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। কোস্ট গার্ড জানিয়েছে, এ ধরনের ঝুঁকি মোকাবিলায় সামুদ্রিক খাতের অপারেটরদের মৌলিক সাইবার নিরাপত্তা ও নেটওয়ার্ক সেগমেন্টেশনের ওপর জোর দিতে হবে।

সূত্র: সিবিএস নিউজ