সংবাদ শিরোনাম

নতুন অভিবাসী ঢল নিয়ে মরক্কোর প্রশংসায় স্পেনের প্রধানমন্ত্রী

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

নতুন অভিবাসী ঢল নিয়ে মরক্কোর প্রশংসায় স্পেনের প্রধানমন্ত্রী ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

মরক্কোর সঙ্গে সম্পর্ক নিয়ে সাম্প্রতিক সময়ে কড়া অবস্থান নেওয়ার এক দিন পরই দেশটির সীমান্ত নিরাপত্তা জোরদারের প্রশংসা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। উত্তর আফ্রিকায় স্পেনের ভূখণ্ড সেউতায় নতুন করে অভিবাসীদের ঢলের আশঙ্কার মধ্যে বুধবার তিনি মরক্কোর নেওয়া পদক্ষেপকে স্বাগত জানান।

নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে সানচেজ বলেন, মঙ্গলবার সেউতা ও স্পেনের আরেক উত্তর আফ্রিকান ভূখণ্ড মেলিয়ার সীমান্তে মরক্কো বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করেছিল।

তিনি বলেন, আমরা দেখেছি, সেউতার সীমান্তের পাশাপাশি মেলিয়ার সীমান্তেও খুব বড়সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এটিও আমাদের স্বীকার করা উচিত।

সানচেজের এই মন্তব্য এমন সময় এল, যখন স্পেনের ডানপন্থী বিরোধীরা অভিযোগ করে আসছে, মরক্কোই অভিবাসীদের ঢল সংগঠিত করছে এবং এই পরিস্থিতিকে স্পেনের ওপর চাপ তৈরির জন্য ব্যবহার করছে।

জুলাইয়ের ঢলে সংকট

সেউতায় গত ৩০ ও ৩১ জুলাই মরক্কো থেকে ৭০ হাজারের বেশি অভিবাসী প্রবেশের পর থেকেই অঞ্চলটিতে মানবিক সংকট চলছে।

অধিকাংশ অভিবাসী কয়েক ঘণ্টার মধ্যেই মরক্কোয় ফিরে যায়। তবে হাজার হাজার মানুষ কয়েক সপ্তাহ ধরে সেউতায় থেকে যায়। ছোট এই শহরের সীমিত অবকাঠামো ও সম্পদের ওপর ব্যাপক চাপ তৈরি হওয়ায় অনেককে অত্যন্ত খারাপ পরিস্থিতিতে থাকতে হয়েছে।

এ পরিস্থিতি স্পেনের অভ্যন্তরীণ রাজনীতিতেও তীব্র বিতর্ক তৈরি করেছে। আগামী বছর দেশটির সাধারণ নির্বাচন হওয়ার কথা। তার আগে অভিবাসন সংকট সানচেজ সরকারের জন্য রাজনৈতিক চাপ বাড়িয়েছে।

জুলাইয়ের ঘটনার জন্য এত দিন মরক্কোকে সরাসরি দায়ী করা থেকে বিরত ছিলেন সানচেজ। তবে মঙ্গলবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জুলাইয়ের অভিবাসী ঢলের সময় মরক্কোর ‘সীমান্ত নিয়ন্ত্রণ ব্যর্থ হয়েছিল’।

নতুন ঢলের আশঙ্কা

এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সেউতা ও স্পেনের আরেক উত্তর আফ্রিকান ভূখণ্ড মেলিয়ায় আবারও অভিবাসীদের ঢলের আহ্বান ছড়িয়ে পড়ার তথ্য পায় কর্তৃপক্ষ।

এ আহ্বানগুলো মরক্কোর পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে। ফলে স্পেনের কর্তৃপক্ষ নতুন করে উদ্বিগ্ন হয়ে ওঠে।

তবে মঙ্গলবার সীমান্তে মরক্কোর ব্যাপক পুলিশ মোতায়েনের বিষয়টি বুধবার বিশেষভাবে তুলে ধরেন সানচেজ। এর মাধ্যমে তিনি পরিস্থিতি সামাল দিতে মরক্কোর নেওয়া পদক্ষেপের প্রতি প্রকাশ্য সমর্থন জানান।

স্পেনের সঙ্গে মরক্কোর সম্পর্ক বরাবরই সংবেদনশীল। সেউতা ও মেলিয়ার ওপর সার্বভৌমত্বের দাবি রয়েছে মরক্কোর। অন্যদিকে এই দুটি ভূখণ্ড স্পেনের নিয়ন্ত্রণে রয়েছে।

ব্যাখ্যা ও পরিবর্তন চায় মাদ্রিদ

সানচেজ বলেছেন, জুলাইয়ের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতে মরক্কোকে ‘ব্যাখ্যা ও পরিবর্তন’ আনতে হবে। তবে এখন পর্যন্ত মরক্কোকে অভিবাসী ঢলের জন্য দায়ী করার মতো কোনো ‘জোরালো প্রমাণ’ নেই বলেও তিনি উল্লেখ করেছেন।

এ কারণে একদিকে মরক্কোর সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুললেও, অন্যদিকে দেশটির সাম্প্রতিক নিরাপত্তা পদক্ষেপের প্রশংসা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গেছেন সানচেজ। সফরের সময় তিনি শহরটির মেয়র জোহরান মামদানির সঙ্গেও সাক্ষাৎ করেন।

সূত্র: আরব নিউজ