সংবাদ শিরোনাম

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত, গায়ক রিকসহ নিহত ৫

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত, গায়ক রিকসহ নিহত ৫

শাহনুর রুমেন | সাও পাওলো, ব্রাজিল

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য সান্তা কাতারিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জনপ্রিয় sertanejo সংগীতশিল্পী রিক সলো (Rick Sollo)-সহ পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উরুবিসি শহরের পার্বত্য এলাকায় নিখোঁজ হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধারের পর পাঁচ আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সান্তা কাতারিনা ফায়ার সার্ভিস।

নিহত রিক সলো ছিলেন জনপ্রিয় সংগীত জুটি Rick & Renner-এর অন্যতম সদস্য। তাঁর সঙ্গে ছিলেন ব্যবসায়ী Bruno Avelar, ভিডিও নির্মাতা Paulo Soares এবং দুই পাইলট Antônio Roberto Nóbrega de Araújo ও Leopoldo de Barros Teixeira।


স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হেলিকপ্টারটি সোমবার (২১ সেপ্টেম্বর) Porto Belo থেকে São Joaquim-এর উদ্দেশে উড্ডয়ন করার পর একপর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে উরুবিসির দুর্গম পাহাড়ি এলাকায় শুরু হয় ব্যাপক উদ্ধার অভিযান। এতে সান্তা কাতারিনা ফায়ার সার্ভিসের পাশাপাশি ব্রাজিলের বিমানবাহিনী FAB-ও অংশ নেয়। ড্রোন, অনুসন্ধানী কুকুর ও বিশেষায়িত বিমান ব্যবহার করে তল্লাশি চালানো হয়।

মঙ্গলবার Santa Bárbara এলাকায় ঘন জঙ্গলের মধ্যে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। দুর্ঘটনার সময় ওই এলাকায় ভারী বৃষ্টি, শক্তিশালী বাতাস ও কম দৃশ্যমানতা ছিল। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করা হয়নি।

ব্রাজিলের বিমান দুর্ঘটনা তদন্তকারী সংস্থা CENIPA তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার কারণ নির্ধারণে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ, উড্ডয়নপথ ও আবহাওয়াসহ বিভিন্ন বিষয় পরীক্ষা করা হচ্ছে।

রিক সলো ও রেনার নব্বইয়ের দশক থেকে ব্রাজিলের sertanejo সংগীতে জনপ্রিয়তা অর্জন করেন। ‘Ela é Demais’-সহ তাদের বেশ কয়েকটি গান ব্যাপক জনপ্রিয়তা পায়। তাঁর আকস্মিক মৃত্যুতে ব্রাজিলের সংগীতাঙ্গনে শোক নেমে এসেছে।