সংবাদ শিরোনাম

অপঠনযোগ্য এফআইআর: আইজিকে তলব করলেন লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

অপঠনযোগ্য এফআইআর: আইজিকে তলব করলেন লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি ছবি-সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:
চুং থানার পুলিশ সদস্যদের বিরুদ্ধে দায়ের করা এক আদালত অবমাননার আবেদনের শুনানিতে পাঞ্জাবের পুলিশ মহাপরিদর্শক (আইজি) রাও আব্দুল করিমকে তলব করেছেন লাহোর হাইকোর্টের (এলএইচসি) প্রধান বিচারপতি আলিয়া নিলুম।

মিয়া মুহাম্মদ জামিল নামের এক নাগরিকের দায়ের করা মামলার শুনানিতে চুং থানার পক্ষে আদালতে হাজির হন পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ। আবেদনকারীর আইনজীবী শাহবাজ ভাট্টি বিচারপতিকে জানান, এলএইচসি-র একটি একক বেঞ্চ ২০২১ সালে সেশন আদালতের দেওয়া একটি আদেশ-যাতে তাঁর মক্কেলের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ ছিল-স্থগিত করে দিয়েছিল।

আইনজীবীর অভিযোগ, একক বেঞ্চের এই রায় সত্ত্বেও পুলিশ বেআইনিভাবে তাঁর মক্কেলের বিরুদ্ধে মামলা দায়ের করে।

বিচারপতি নিলুম যখন এসপি আবদুল্লাহকে এফআইআরটি জোরে পড়ে শোনাতে বলেন, তখন তিনি এর বিষয়বস্তু ঠিকমতো পড়তে বা ব্যাখ্যা করতে ব্যর্থ হন। এতে ক্ষুব্ধ হয়ে প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘এফআইআর কেন পাঠযোগ্য নয়? এতে কী লেখা আছে, আমি কিছুই বুঝতে পারছি না।’

অভিযোগপত্র লেখার এই ধরন নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিচারপতি নিলুম মন্তব্য করেন, এ ধরনের এফআইআর আসলে পড়ারই অযোগ্য। তাঁর ভাষায়, ‘গোটা পাঞ্জাবই ভুগছে; সবখানকার অবস্থা একই রকম।’

শুনানির একপর্যায়ে বিদ্রূপের সুরে প্রধান বিচারপতি বলেন, এফআইআরের লেখাগুলো দেখতে ‘মাছির মতো’ লাগছে। তিনি রসিকতা করে যোগ করেন, ‘মাছির আকারও তো এর চেয়ে বড় হয়।’

এরপর বিচারপতি নিলুম বৃহস্পতিবার সংশ্লিষ্ট নথিপত্রসহ সশরীরে হাজির হতে আইজি করিমকে তলব করেন।

একই দিনে অর্থাৎ বৃহস্পতিবার আরেকটি পৃথক মামলাতেও আইজিকে তলব করা হয়েছে। ওই মামলায় লাহোর সিটি পুলিশ অফিসারের (সিসিপিও) বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার অভিযোগ সংক্রান্ত একটি তদন্ত প্রতিবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি।

মোমিন খান নামের এক নাগরিকের করা আবেদনের শুনানি করছিলেন বিচারপতি নিলুম, যেখানে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ কর্মকর্তারা তাঁকে হয়রানি করছেন বলে অভিযোগ করা হয়। আবেদনকারীর আইনজীবীর দাবি, পুলিশি হয়রানির বিরুদ্ধে আগে দায়ের করা একটি আবেদন প্রতিকারের জন্য সিসিপিও-র কাছে পাঠানো হলেও পুলিশ তাঁকে হয়রানি করা থেকে বিরত থাকেনি।

পুলিশ আদালতের নির্দেশ পালনে ব্যর্থ হয়েছে বলে দাবি করে আইনজীবী সিসিপিও-র বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম শুরুর আবেদন জানান।
সূত্র: ডন