৫ মিলিয়ন ডলারের চুরি যাওয়া প্রত্নসম্পদ সিরিয়াকে ফেরাল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক:
চুরি হয়ে যাওয়া ৩৬টি প্রত্নসম্পদ সিরিয়াকে ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব নিদর্শনের সম্মিলিত মূল্য ৫০ লাখ ডলারেরও বেশি। বুধবার মার্কিন কর্মকর্তারা প্রত্নসম্পদগুলো ফেরত দেওয়ার ঘোষণা দেন।
ফেরত দেওয়া নিদর্শনগুলোর মধ্যে রয়েছে পালমিরার একটি প্রাচীন পাথরের ভাস্কর্য। জঙ্গিগোষ্ঠী দায়েশের হাতে প্রাচীন নগরী পালমিরা ধ্বংস হওয়ার সময় এসব প্রত্নসম্পদের একটি অংশ পাচার করা হয়েছিল।
নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট এবং কয়েকজন প্রাচীন শিল্পকর্ম সংগ্রাহকের কাছ থেকে এসব প্রত্নসম্পদ জব্দ করে মার্কিন কর্তৃপক্ষ।
ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ বলেন, প্রত্নসম্পদ ফিরিয়ে দেওয়ার অনুষ্ঠান আমাদের মনে করিয়ে দেয়, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার বিষয়টি কোনো সীমান্ত বা জাতীয়তার মধ্যে আটকে থাকে না।
পালমিরার সেই পাথর
ফেরত দেওয়া নিদর্শনগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পালমিরার পাথরটি। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা প্রাচীন নগরী পালমিরা থেকে এটি সরিয়ে নেওয়া হয়েছিল দায়েশের সদস্যরা শহরটির বড় অংশ ধ্বংস করার আগেই।
২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে দায়েশ পালমিরার বহু প্রাচীন স্থাপনা ও নিদর্শন ধ্বংস করে। মার্কিন কর্মকর্তাদের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ওই ধ্বংসযজ্ঞের সময়ই পাথরটি পাচারের সঙ্গে যুক্ত হয়।
সাড়ে ৪৫০ কেজির বেশি ওজনের খোদাই করা চুনাপাথরের ভাস্কর্যটিতে একজন শায়িত পুরুষকে দেখা যায়। তাঁর চারপাশে রয়েছে একজন নারী ও তিন শিশু।
সিরিয়ার সঙ্গে নতুন সহযোগিতার বার্তা
ওয়াশিংটনে সিরিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ কানাত্রি বলেছেন, প্রত্নসম্পদগুলো ফিরিয়ে দেওয়ার ঘটনা দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।
এক বিবৃতিতে তিনি বলেন, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের সহযোগিতার মাধ্যমে সিরিয়ার ইতিহাসের একটি অংশ শেষ পর্যন্ত দেশে ফিরে যাচ্ছে। এ কাজে ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।
এর আগেও বিভিন্ন দেশকে লুট হওয়া প্রত্নসম্পদ ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে চীন, গ্রিস ও ইতালিও রয়েছে।
স্টেইনহার্ডের কাছ থেকেও জব্দ চারটি
ফেরত দেওয়া ৩৬টি প্রত্নসম্পদের মধ্যে চারটি জব্দ করা হয়েছিল মার্কিন সংগ্রাহক মাইকেল স্টেইনহার্ডের কাছ থেকে।
২০২১ সালে মার্কিন সরকারের সঙ্গে একটি সমঝোতার আওতায় বিশ্বের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া প্রায় ১৮০টি প্রত্নসম্পদ ফেরত দিয়েছিলেন স্টেইনহার্ড। এসব নিদর্শনের মোট মূল্য ছিল ৭ কোটি ডলার।
এদিকে ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানিয়েছে, মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট থেকে জব্দ করা ১৩টি নিদর্শন এমন একটি বড় সংগ্রহের অংশ, যার মধ্যে ৪০২টি প্রত্নসম্পদ রয়েছে। ২০১৭ সাল থেকে মিউজিয়ামটির কাছ থেকে জব্দ করা এসব নিদর্শনের মোট মূল্য ৯ কোটি ৮৭ লাখ ডলার।
সূত্র: আরব নিউজ