মধ্য আফ্রিকায় ইবোলা ঠেকাতে আরও ২৬৭ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র
ছবি- সংগৃহীতআন্তর্জাতিক ডেস্ক:
মধ্য আফ্রিকায় ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আরও ২৬৭ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ অর্থ সহায়তার ঘোষণা দেয়।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা এ ঘোষণা দেন। একই সঙ্গে ইবোলা মোকাবিলায় অন্য দেশগুলোকেও নতুন করে অর্থ দেওয়ার আহ্বান জানানো হয়। এই উদ্যোগে মোট ২০০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য রয়েছে। এর বড় অংশই ব্যয় হওয়ার কথা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে।
গত মে মাসে ইবোলার এই প্রাদুর্ভাব শনাক্ত হয়। এরই মধ্যে এটি ইতিহাসের দ্বিতীয় প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব হয়ে উঠেছে। প্রাণহানির দিক থেকে এর চেয়ে ভয়াবহ ছিল ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা মহামারি।
নতুন অর্থসহ ইবোলা মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের মোট প্রতিশ্রুত সহায়তার পরিমাণ দাঁড়াল ৮৮৬ মিলিয়ন ডলার। এর মধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থের পাশাপাশি স্বাস্থ্য ও মানবসেবা দপ্তরের ১০৭ মিলিয়ন ডলারও রয়েছে।
মার্কিন কর্মকর্তারা জানান, নতুন অর্থের মূল লক্ষ্য হবে ভাইরাসটির উৎসস্থলেই সংক্রমণ নিয়ন্ত্রণে আনা। এ অর্থ দিয়ে চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা, রোগ শনাক্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা জোরদার করা এবং মাঠপর্যায়ে কাজ করা স্বাস্থ্যকর্মীদের জন্য চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
মধ্য আফ্রিকার দেশগুলোতে ইবোলা নিয়ন্ত্রণে স্বাস্থ্য কর্তৃপক্ষ যখন ব্যাপক চাপের মধ্যে কাজ করছে, তখন যুক্তরাষ্ট্রের এই নতুন অর্থ সহায়তা প্রাদুর্ভাব মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টাকে আরও জোরদার করার লক্ষ্যেই দেওয়া হচ্ছে।
সূত্র: আরব নিউজ