নাফ নদীতে নৌকা ডুবে নিখোঁজ নয় রোহিঙ্গা
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ-মিয়ানমারের সীমান্তবর্তী নাফ নদীতে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে অন্তত নয়জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ধারণা করা হচ্ছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে এসব রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করছিলেন। দেশটির সেনাবাহিনী ও জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সেখানে দীর্ঘদিন ধরে লড়াই চলছে।
স্থানীয় বাংলাদেশি জেলেরা ডুবতে থাকা নৌকাটি দেখতে পেয়ে ১৮ জনকে উদ্ধার করেন। পরে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।
টেকনাফের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম এএফপিকে বলেন, “এখনও প্রায় নয়জন নিখোঁজ রয়েছেন।”
স্থানীয় বাসিন্দা রশিদ আহমেদ জানান, শক্তিশালী স্রোত ও উত্তাল ঢেউয়ের কারণে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। কাছাকাছি থাকা ট্রলারগুলো দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়।
উদ্ধার হওয়া ১৮ জনের মধ্যে চারজন ছিলেন নৌকার মাঝি ও তাদের সহযোগী বলে জানান তিনি।মিয়ানমারে কয়েক দশক ধরে নিপীড়নের শিকার হয়ে আসছে মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠী। ২০১৭ সালে দেশটির সামরিক অভিযানের পর বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।
রাখাইন রাজ্যে গৃহযুদ্ধ পরিস্থিতি আরও খারাপ হওয়ার পর সেখানে থাকা রোহিঙ্গাদের দুর্ভোগ বেড়েছে। বাংলাদেশে কক্সবাজারের ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরগুলোতেও মানবিক সংকট তীব্র হচ্ছে।
সহায়তা কমে যাওয়ায় এসব শিবিরে থাকা অনেক রোহিঙ্গাকে খাদ্য ও পুষ্টির সংকটে পড়তে হচ্ছে। উন্নত জীবনের আশায় প্রতিবছর অনেকেই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে যাত্রা করেন, যার পেছনে প্রায়ই কাজ করে মানব পাচারকারী চক্র।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত এক দশকে বিপজ্জনক সমুদ্রযাত্রায় পাঁচ হাজারের বেশি রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন।