খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে মোসাল্লা কমপ্লেক্সে জনসমুদ্র
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের প্রয়াত
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানের
গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে লাখো মানুষের উপস্থিতি দেখা গেছে। শনিবার
ভোর থেকেই বিভিন্ন প্রান্ত থেকে শোকাহত মানুষ সেখানে সমবেত হতে শুরু করেন। প্রিয়
নেতাকে শেষবারের মতো একনজর দেখতে মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা
জনসমুদ্রে পরিণত হয়।
স্থানীয়
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিপুল জনসমাগমের কারণে মোসাল্লা কমপ্লেক্সমুখী প্রায়
সব সড়কে যান চলাচল ব্যাহত হয়। ভিড় সামাল দিতে নিরাপত্তা বাহিনী ও প্রশাসনকে
অতিরিক্ত ব্যবস্থা নিতে হয় এবং আশপাশের এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
নির্ধারিত সময়ের
অনেক আগেই হাজারো মানুষ কমপ্লেক্সের প্রধান প্রবেশপথে জড়ো হন। ফজরের আজানের সময়
উপস্থিত জনতার চাপ বাড়তে থাকায় কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের আগেই প্রধান ফটক খুলে
দেয়। এতে বাইরে অপেক্ষমাণ মানুষ দ্রুত ভেতরে প্রবেশ করে শেষ শ্রদ্ধা নিবেদনের
সুযোগ পান।
সামাজিক
যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, কালো পোশাক পরিহিত অসংখ্য
শোকাহত মানুষ ইরানের জাতীয় পতাকা, ব্যানার ও প্রয়াত নেতার প্রতিকৃতি বহন করছেন।
তাদের উপস্থিতিতে মোসাল্লা কমপ্লেক্সের ভেতর ও বাইরের বিস্তীর্ণ এলাকা মানুষের ঢলে
পূর্ণ হয়ে ওঠে।
শেষ বিদায় জানাতে
আসা মানুষের আবেগঘন উপস্থিতিতে পুরো পরিবেশ শোকমুখর হয়ে ওঠে। ধর্মীয় প্রার্থনা,
দোয়া এবং শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রয়াত নেতাকে স্মরণ করেন তার সমর্থক ও
অনুসারীরা।