সংবাদ শিরোনাম

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, অগ্রগতি মিললেও চূড়ান্ত সমাধান এখনো অনিশ্চিত

 প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, অগ্রগতি মিললেও চূড়ান্ত সমাধান এখনো অনিশ্চিত

আন্তর্জাতিক ডেস্ক:

দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ কারিগরি পর্যায়ের নতুন দফা আলোচনা শেষ হয়েছে, তবে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো দৃশ্যমান অগ্রগতির ইঙ্গিত পাওয়া যায়নি। দুই পক্ষ মূলত দুই সপ্তাহ আগে ঘোষিত অন্তর্বর্তী চুক্তির আওতায় ইতোমধ্যে সমাধান হওয়া বিষয়গুলোর বাস্তবায়ন ও সংশ্লিষ্ট কারিগরি দিক নিয়ে আলোচনা করেছে। এই বৈঠক অনুষ্ঠিত হয় এমন এক সময়ে, যখন হরমুজ প্রণালিতে নৌপথকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক দিনের পাল্টাপাল্টি সামরিক হামলার পর উভয় দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

বুধবার কাতারের রাজধানী দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে কাতারের পাশাপাশি পাকিস্তরের চলমান মধ্যস্থতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। একই সময়ে ইরানের কারিগরি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এই দফার আলোচনায় অংশ নেননি।

আলোচনার ফলাফল নিয়ে দুই পক্ষ আনুষ্ঠানিকভাবে মতপার্থক্য কমেছে কি না সে বিষয়ে কিছু জানায়নি। তবে গরিবাবাদি ইরানের গণমাধ্যমকে জানান, দুটি পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রথম বৈঠকে যুক্তরাষ্ট্রের ‘অঙ্গীকার লঙ্ঘনের’ বিষয়টি উত্থাপন করা হয় এবং ভবিষ্যতে বিরোধ নিষ্পত্তির জন্য একটি যোগাযোগ চ্যানেল গড়ে তোলার বিষয়ে সম্মতি হয়। দ্বিতীয় বৈঠকে ইরানের ৬০০ কোটি ডলারের জব্দকৃত তহবিল ছাড়ের বিষয়টি আলোচনা হয়। গরিবাবাদি জানান, কাতারের কর্মকর্তাদের, বিশেষ করে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠকে ওই অর্থের একটি অংশ ব্যয়ের পদ্ধতি পর্যালোচনা করা হয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো প্রয়োজনীয়তার ভিত্তিতে প্রয়োজনীয় পণ্য ক্রয় করে সেগুলো ইরানের কাছে সরবরাহ করা হবে বলেও সম্মতি হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, আলোচনায় হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, ইরানের পারমাণবিক কর্মসূচি, জব্দকৃত অর্থ এবং লেবাননের সংঘাতও আলোচ্যসূচিতে ছিল। এদিকে জাহাজ চলাচলসংক্রান্ত তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের উপাত্ত অনুযায়ী, ২২ থেকে ২৮ জুনের মধ্যে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল আগের সপ্তাহের তুলনায় ৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে, যা এই গুরুত্বপূর্ণ নৌপথে পরিস্থিতির কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

এদিকে বৃহস্পতিবার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ গত বছরের ১২ দিনের যুদ্ধে বোমা হামলার শিকার ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশাধিকার রয়েছে—এমন খবর প্রত্যাখ্যান করেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে তিনি বলেন, বর্তমানে আইএইএর পরিদর্শকদের প্রবেশাধিকার কেবল বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং তেহরান গবেষণা রিয়্যাক্টর পর্যন্ত সীমিত। তিনি আরও জানান, ইরানের পার্লামেন্ট এ ধরনের প্রবেশাধিকার নিষিদ্ধ করে আইন পাস করেছে এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলও এ বিষয়ে সংশ্লিষ্ট সিদ্ধান্ত অনুমোদন করেছে। এর আগে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছিলেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের আওতায় সংস্থার পরিদর্শকদের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশ করে পরিদর্শন করতে হবে।

আলোচনার পর কাতার জানিয়েছে, দোহার এই কারিগরি বৈঠকে ইতিবাচক অগ্রগতি হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, কাতার ও পাকিস্তরের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠকে ইসলামাবাদ সমঝোতা স্মারক-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং তা লেক লুসার্ন শীর্ষ সম্মেলনের ফলাফলের ধারাবাহিকতা বহন করছে। তিনি জানান, সাবেক ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির শেষকৃত্যের শোভাযাত্রা শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করা হবে। পাকিস্তরের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বৃহস্পতিবার একই ধরনের বিবৃতি প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যুদ্ধের প্রথম দিন নিহত হওয়া সাবেক ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির স্মরণে ছয় দিনের শেষকৃত্যের শোভাযাত্রা শনিবার থেকে ইরান ও ইরাকে শুরু হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে পাকিস্তরের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শুক্রবার তেহরানে গিয়ে শ্রদ্ধা জানাবেন বলে জানা গেছে।

সূত্র: আলজাজিরা

Advertisement
Advertisement
Advertisement