৯ মেগা প্রকল্পে বদলে যাচ্ছে মোংলা বন্দর
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
মোংলা সমুদ্র বন্দরের উন্নয়ন, আধুনিকায়ন ও সম্প্রসারণে একযোগে ৯টি বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এর মধ্যে ৪ টি প্রকল্পের কাজ চলমান রয়েছে, নতুন করে ২ টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে এবং বাকি ৩ টি প্রকল্প একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের দ্বিতীয় বৃহত্তম এই সমুদ্র বন্দর বহুমুখী টেকসই উন্নয়ন ও জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তিতে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরে ৫ হাজার ৬০৬ কোটি ৪১ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে ‘মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন’ এবং ‘বন্দর চ্যানেল সংরক্ষণ ড্রেজিং’ নামে দুটি মেগা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্প দুটি শেষ হলে সাড়ে ৯ থেকে ১০ মিটার ড্রাফটের জাহাজ নির্বিঘ্নে চলাচল করতে পারবে এবং বছরে প্রায় ১ কোটি ৫০ লাখ মেট্রিক টন পণ্য ও চার লাখ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং সম্ভব হবে।
এছাড়া পূর্বে অনুমোদিত ৮ হাজার ৩৫৫ কোটি টাকা ব্যয়ে সহায়ক জলযান সংগ্রহ, পশুর চ্যানেলে ইনারবার ড্রেজিং, মোংলা পোর্ট আপগ্রেডেশন এবং দুটি অসম্পূর্ণ জেটি নির্মাণ প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। বন্দরের সক্ষমতা আরও বাড়াতে পশুর চ্যানেল শাসন ও সম্প্রসারণ সমীক্ষা, ড্রেজার ক্রয় এবং দুটি মুরিং বোট সংগ্রহসহ তিনটি নতুন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ ও প্রশাসন) কাজী আবেদ হোসেন বলেন, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীনে ‘মোংলা বন্দরে আধুনিক বর্জ্য ও তেল নিষ্কাশন ব্যবস্থাপনা’ প্রকল্পটি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, যা উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এই প্রকল্প পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে সুন্দরবন ও পশুর চ্যানেলকে দূষণমুক্ত রাখতে সহায়তা করবে।
বন্দর সূত্র জানায়, বর্তমানে মোংলা বন্দরে জাহাজজট নেই। আন্তর্জাতিক আইএসপিএস কোড অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা, সাতটি কনটেইনার ইয়ার্ড, ৩৮টি সহায়ক জলযান, আধুনিক কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং যন্ত্রপাতি এবং ওয়ান-স্টপ সার্ভিস সুবিধা চালু রয়েছে। বর্তমানে বন্দরের বার্ষিক সক্ষমতা ১ হাজার ৫০০টি জাহাজ, ১ কোটি ৫০ লাখ মেট্রিক টন কার্গো, ১ লাখ টিইইউ কনটেইনার এবং ২০ হাজার গাড়ি হ্যান্ডলিং।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান বলেন, ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে মোংলা বন্দর দিয়ে নেপাল, ভুটান, ভারত ও চীনের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা বাড়ছে। চলমান ও প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মোংলা বন্দর আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও প্রতিযোগিতামূলক সমুদ্র বন্দরে রূপ নেবে।