ফকিরহাটে তেল নিতে গিয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত,অপর দূর্ঘটনায় আহত ২
মাসুদ আল হাসান, খুলনা :
বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ইয়াছিন শেখ (৫৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার পাগলা-শ্যামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন শেখ উপজেলার সাতশৈয়া গ্রামের বাসিন্দা ও শেখ আ. বারির ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াছিন শেখ মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য পাগলা-শ্যামনগরআরা ফিলিং স্টেশনে প্রবেশ করছিলেন। এ সময় খুলনাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি পুলিশ অবগত হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে একই দিন বেলা ১১টার দিকে উপজেলার পিলজংগ এলাকায় একটি ক্রেন উল্টে ইসরাফিল শেখ (২৭) নামে এক ব্যক্তি আহত হন।
অপরদিকে শ্যামবাগাত এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাত এক বাইসাইকেল আরোহী আহত হয়েছেন। আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।