মেসি এমবাপ্পের গোল্ডেন বুট লড়াই জমে উঠেছে বিশ্বকাপে
ক্রীড়া ডেস্ক:
২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি ‘গোল্ডেন বুট’ জয়ের লড়াইও তীব্র হয়ে উঠেছে। এখন পর্যন্ত ছয়টি করে গোল করে শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। তবে দুটি অ্যাসিস্ট থাকায় টাইব্রেকারে আপাতত এগিয়ে আছেন এমবাপ্পে।
পাঁচ গোল নিয়ে তাদের সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছেন নরওয়ের আর্লিং হালান্ড। চার গোল করে প্রতিযোগিতায় টিকে আছেন ফ্রান্সের উসমান দেম্বেলে ও ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র। বিশ্বকাপের শেষ পর্যন্ত এই লড়াই আরও জমে ওঠার আভাস মিলছে, কারণ শিরোপার অন্যতম দাবিদার দলগুলো এখনও প্রতিযোগিতায় রয়েছে।
ফিফার নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শেষে সর্বাধিক গোলদাতা খেলোয়াড় গোল্ডেন বুট পুরস্কার পান। একাধিক খেলোয়াড় সমান সংখ্যক গোল করলে প্রথমে অ্যাসিস্টের সংখ্যা বিবেচনা করা হয়। তাতেও সমতা থাকলে কম সময় মাঠে থেকে গোল ও অ্যাসিস্ট করা খেলোয়াড়কে বিজয়ী ঘোষণা করা হয়।
বর্তমান গোল্ডেন বুটজয়ী এমবাপ্পে ২০২২ কাতার বিশ্বকাপে আট গোল করে এই সম্মান অর্জন করেছিলেন। অন্যদিকে ইংল্যান্ডের হ্যারি কেইন ২০১৮ এবং কলম্বিয়ার হামেস রদ্রিগেজ ২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেছিলেন। এখন পর্যন্ত কোনো ফুটবলার একাধিকবার এই পুরস্কার জিততে পারেননি।
পর্তুগালের অভিজ্ঞ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো এবারও গোল্ডেন বুটের দৌড়ে রয়েছেন, যদিও এখন পর্যন্ত তার গোল মাত্র দুটি। নকআউট পর্বে এগিয়ে যেতে পারলে গোলসংখ্যা বাড়িয়ে প্রতিদ্বন্দ্বিতায় ফেরার সুযোগ থাকবে তার সামনে।
একটি বিশ্বকাপে সর্বাধিক ১৩ গোল করার রেকর্ড এখনও ফ্রান্সের জাস্ট ফন্টেইনের দখলে, যা তিনি ১৯৫৮ সালের বিশ্বকাপে গড়েছিলেন। বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোলদাতার তালিকায় বর্তমানে ১৯ গোল নিয়ে শীর্ষে রয়েছেন লিওনেল মেসি। তার ঠিক পেছনেই ১৮ গোল নিয়ে অবস্থান করছেন কিলিয়ান এমবাপ্পে। জার্মানির মিরোস্লাভ ক্লোজে ১৬, ব্রাজিলের রোনালদো ১৫ এবং পশ্চিম জার্মানির গার্ড মুলার ১৪ গোল নিয়ে পরবর্তী অবস্থানে রয়েছেন।