সংবাদ শিরোনাম

জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির ২৬ সদস্যের নির্বাহী কমিটি গঠন

 প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন   |   জাতীয়

জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির ২৬ সদস্যের নির্বাহী কমিটি গঠন

ঢাকা, ২ জুলাই:

পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং জাতীয় পরিবেশ নীতির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে সরকার জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির ২৬ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। নতুন গঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী।

কমিটিতে কৃষি, পানি সম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, নৌপরিবহনসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ পরিকল্পনা কমিশন, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, সিইজিআইএস, ব্যবসায়ী সংগঠন এবং পরিবেশ ও জলবায়ু বিষয়ে বিশেষজ্ঞ সিভিল সোসাইটির প্রতিনিধিদেরও কমিটিতে রাখা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ) সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

নির্বাহী কমিটির প্রধান দায়িত্ব হবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে জাতীয় পরিবেশ নীতির বাস্তবায়ন নিয়মিত পর্যালোচনা ও পরিবীক্ষণ করা। পাশাপাশি বাস্তবায়ন কার্যক্রম বিশ্লেষণ করে সময়োপযোগী সংশোধন ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে কমিটি।

এ ছাড়া পরিবেশ ও জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় জটিলতা নিরসনে প্রাথমিক উদ্যোগ গ্রহণ, প্রয়োজন হলে বিষয়গুলো জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটিতে উপস্থাপন, কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়ন এবং পরিবেশ ও জলবায়ু সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যালোচনার দায়িত্বও পালন করবে এই নির্বাহী কমিটি।

সরকারের প্রত্যাশা, নবগঠিত এই নির্বাহী কমিটি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করবে এবং পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisement
Advertisement
Advertisement