ঢাকা মেডিকেলে আধুনিক ল্যাব যন্ত্রপাতি হস্তান্তর, রোগ নির্ণয়ে নতুন গতি আসবে: স্বাস্থ্যমন্ত্রী
aঢাকা, ২ জুলাই:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আধুনিক চিকিৎসা ব্যবস্থার মূল ভিত্তি হলো নির্ভুল ও দ্রুত রোগ নির্ণয়। সে লক্ষ্যেই দেশের সরকারি হাসপাতালগুলোর পরীক্ষাগার পর্যায়ক্রমে আধুনিক প্রযুক্তিতে উন্নীত করা হচ্ছে।
আজ ঢাকা মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপ ও বিভিন্ন আধুনিক ল্যাবরেটরি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, নতুন যন্ত্রপাতি সংযোজনের ফলে প্যাথলজি বিভাগের পরীক্ষার মান আরও উন্নত হবে এবং জটিল রোগ নির্ণয়ে সময় কম লাগবে। একই সঙ্গে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ পাবেন।
তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, দক্ষ জনবল তৈরি এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম অগ্রাধিকার।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত প্রতিষ্ঠানে ধাপে ধাপে আধুনিক ল্যাব সুবিধা সম্প্রসারণ করা হবে। চিকিৎসাসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ ও প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, হাসপাতালের পরিচালক, প্যাথলজি বিভাগের শিক্ষক-চিকিৎসক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।