সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, ভোট ১২ মে—ইসি; জোটভিত্তিক আসন বণ্টন নির্ধারণ
স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল আগামী ৮ এপ্রিল ঘোষণা করা হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। আসন বণ্টনে বিএনপি জোট পাবে ৩৬টি, জামায়াত জোট পাবে ১৩টি এবং একটি আসন পাবে স্বতন্ত্র প্রার্থীরা।
সোমবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশনের সভা শেষে সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি জানান, জাতীয় নির্বাচনের পরবর্তী সময়ে মোট ৫০টি মামলা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট আসনের নির্বাচনী মালামাল সংরক্ষণ করা হবে।
এদিকে, শেরপুর-৩ ও বগুড়া-৬ সংসদীয় আসনের ভোট অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল। শেরপুর-৩ আসনে পোস্টাল ভোটসহ মোট ১২৯টি কেন্দ্র এবং বগুড়া-৬ আসনে ১৫১টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সার্বিক নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং জাতীয় নির্বাচনের মতোই নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ইসি সচিব আরও জানান, এই দুটি আসনের ফলাফল আদালতের আদেশে স্থগিত রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এছাড়া, ৮০টি পর্যবেক্ষক সংস্থা থেকে প্রাপ্ত নির্বাচনী প্রতিবেদন নিয়ে শিগগিরই একটি সেমিনারের আয়োজন করা হবে।
নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার জন্য কিছু প্রার্থী সময় বৃদ্ধির আবেদন করেছেন। তাদের জন্য অতিরিক্ত এক মাস সময় প্রদান করা হয়েছে।
ভোটার দিবস উদযাপন উপলক্ষে একটি কমিটি গঠন করা হয়েছে, যা উদযাপনের তারিখ ও পদ্ধতি নির্ধারণ করবে।
ইসি সচিব জানান, স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। এ বিষয়ে তিনটি পৃথক প্রতিষ্ঠান পর্যালোচনা করছে। তাদের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। জনগণের অনাস্থা রয়েছে এমন কোনো যন্ত্র ব্যবহার করা হবে না বলেও তিনি স্পষ্ট করেন।