সংবাদ শিরোনাম

সারাদেশের ন্যায় খুলনায় ও প্রধানমন্ত্রী ঘোষিত পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচীর অভিযান শুরু

 প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন   |   খুলনা

সারাদেশের ন্যায় খুলনায় ও প্রধানমন্ত্রী ঘোষিত পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচীর অভিযান শুরু

খুলনা ব্যুরো :

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরীতেও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। নিয়মিত কার্যক্রমের পাশাপাশি প্রতি শনিবার এলাকাভিত্তিক বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিভাগের বিভিন্ন জেলা থেকে চিকিৎসা নিতে মানুষ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসে। তাই হাসপাতাল ও কলেজ এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি।

 নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি হাসপাতাল ও কলেজ চত্বরে ফাঁকা জায়গায় গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আগাম প্রস্তুতি রাখতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।

খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. গোলাম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে কেসিসির প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, সিনিয়র লাইসেন্স অফিসার মো. মনিরুজ্জামান রহিমসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ ডা. মো. আমানুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মো. আকরামুজ্জামান।

পরে কেসিসি প্রশাসক নগরীর দৌলতপুর এলাকার কল্পতরু মার্কেট, পাখির মোড়, মুলের ঘাট খাল ও সাড়াডাঙ্গা এলাকায় বর্জ্য সংরক্ষণের জন্য সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় কেসিসির নির্বাহী প্রকৌশলী মো. আনিচুজ্জামান, কনজারভেন্সি অফিসার প্রকৌশলী মো. আনিসুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।