ডামুড্যায় ছুরিকাঘাত ও আগুনে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :
শরীয়তপুরের ডামুড্যায় ছুরিকাঘাতের পর শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার লোমহর্ষক ঘটনার শিকার ব্যবসায়ী খোকন দাস শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন। তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার (৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁর মৃত্যু হয়।
নিহত খোকন দাস ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে একজন ওষুধ ব্যবসায়ী ও মোবাইল ব্যাংকিং বিকাশের এজেন্ট হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালানো হয়। প্রথমে তাঁকে ছুরিকাঘাত করা হয়। এরপর হামলাকারীদের চিনে ফেলায় প্রমাণ লোপাট ও হত্যার উদ্দেশ্যে তাঁর শরীর ও মুখে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। খোকন দাসের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে অস্ত্রোপচার হলেও অবস্থার উন্নতি হয়নি। অবশেষে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের বাবা পরেশ চন্দ্র দাস গত বৃহস্পতিবার গভীর রাতে ডামুড্যা থানায় একটি মামলা করেন। মামলায় কনেশ্বর এলাকার সোহাগ খান (২৭), রাব্বি মোল্যা (২১) ও পলাশ সরদার (২৫)-এর নাম উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তানভীর হোসেন বলেন, খোকন দাসের মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।