সংবাদ শিরোনাম

জনগণের আস্থা অটুট রাখতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণের তাগিদ মন্ত্রী ফকির মাহবুব আনামের

 প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন   |   জাতীয়

জনগণের আস্থা অটুট রাখতে দলীয় নেতাকর্মীদের   দায়িত্বশীল আচরণের তাগিদ মন্ত্রী ফকির মাহবুব আনামের

ধনবাড়ী (টাঙ্গাইল), ৮ চৈত্র (২২ মার্চ):

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়; এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, জনগণের আস্থা অটুট রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে ও দায়িত্বশীল আচরণ করতে হবে। মন্ত্রী বলেন, কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি সৃষ্টি হলে তা নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করতে হবে। গুজব বা অন্যের কথায় প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। 

গতকাল টাঙ্গাইলে ধনবাড়ী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পৌর শাখা, অফিসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে ও অগ্রাধিকারভিত্তিতে বাস্তবায়ন করা হবে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে এবং এলাকার উন্নয়ন আরো বেগবান হবে।

সবশেষে মন্ত্রী দেশবাসীসহ উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।