সদরঘাটের লঞ্চ দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী
ঢাকা, ৫ চৈত্র (১৯ মার্চ):
রাজধানীর সদরঘাটে সংঘটিত লঞ্চ দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান। তিনি জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট দুইটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে।
গতকাল রাত সোয়া ৯টার দিকে তিনি সদরঘাট লঞ্চ টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নৌপরিবহন মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিয়ে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা) আবুল ইসলামকে একটি তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। এছাড়াও বিআইডব্লিউটিএ’র পরিচালক (প্রশাসন) সাইফুল ইসলামকে প্রধান করে অন্য একটি কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের তদন্ত কমিটিতে বিআইডব্লিউটিএ, নৌপরিবহন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি এ মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। প্রতিমন্ত্রী জানান, আহতরা একই পরিবারের সদস্য এবং আহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে।
পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।